জেলা পরিষদের মনোনয়ন পত্র জমাকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। একই আসনের জন্য দু’জন তৃণমূল প্রার্থী মনোনয়ন দিল সোমবার। বালুরঘাট ৯ নম্বর আসনের জন্য তৃণমূলের হয়ে প্রার্থী দিয়েছে শিপ্রা নিয়োগী পাল। অন্য দিকে একই আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন আগের বারের জয়ী তৃণমূল প্রার্থী মনোরমা দাস। একই আসনের জন্য তৃণমূলের হয়ে দু’জন মনোনয়ন দেওয়ায় ফের একবার জেলায় দলীয় গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। যদিও তৃণমূলের হয়ে নমিনেশন জমা দেওয়া মনোরমা দাস বলেন, তিনি আগেরবারের জয়ী প্রার্থী। তাই এবার তৃণমূলের হয়েই তিনি মনোনয়ন পত্র জমা করেছেন। তবে মুখ্যমন্ত্রী যা বলবেন তিনি সেটাই করবেন বলে তিনি আশ্বাস দেন।
এবিষয়ে ওই আসনে তৃণমূলের আর এক প্রার্থী শিপ্রা নিয়োগী পাল জানান, দল তাকে নমিনেশন জমা করতে বলেছেন, তাই তিনি নমিনেশন দিতে এসেছেন, কে কি করল সেটা তিনি কিছু বলতে চাননি।
যদিও বিষয়টিকে গোষ্ঠী কোন্দল বলতে নারাজ বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। ব্যক্তিগত বিষয়কে গোষ্ঠী কোন্দল বলা উচিৎ নয়। ব্যক্তিগত ভাবে যে কেউই মনোনয়ন পত্র জমা দিতে পারেন বলে দাবী করলেন তিনি। তবে দলের সিদ্ধান্তই শেষ কথা বলে তিনি জানান।